চাঁদাকে সমঝোতা বলায় মন্ত্রীর সমালোচনা, অবৈধ বললেন তাসনিম জারা

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৩ পিএম
চাঁদাকে সমঝোতা বলায় মন্ত্রীর সমালোচনা, অবৈধ বললেন তাসনিম জারা

সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম রবির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডা. তাসনিম জারা। গত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, মন্ত্রী যাকে সমঝোতা বলছেন, বাস্তবে তা চালকদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া একটি অবৈধ পদ্ধতি মাত্র।

তাসনিম জারা বলেন, নির্দিষ্ট রুটে গাড়ি চালানোর জন্য চালকদের বাধ্য হয়েই নির্দিষ্ট সংগঠনকে টাকা দিতে হয়। একে সমঝোতার মোড়ক দেওয়া মানে হলো একটি সুস্পষ্ট অনিয়মকে বৈধতা দান করা। এই অবৈধ লেনদেনের খেসারত সরাসরি দিতে হয় সাধারণ মানুষকে। পরিবহণ খাতে এই অলিখিত চাঁদা বাসভাড়া ও পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে কাজ করছে, যা দেশের সাধারণ যাত্রী ও ভোক্তাদের ক্ষতি করছে।

মন্ত্রীর ক্ষমতাসীন দলের আধিপত্যের কথা উল্লেখ করে তাসনিম জারা প্রশ্ন তোলেন, এই চাঁদা আদায় কি রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম? তিনি সরকারের প্রতি এই অনিয়মের তদন্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অর্থ আদায় বন্ধ করে মালিক বা শ্রমিক সমিতির তহবিলের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন ফির মাধ্যমে আনুষ্ঠানিক ব্যবস্থা করা উচিত। এছাড়া কোটি কোটি টাকার এই তহবিলের একটি পূর্ণাঙ্গ অডিট প্রকাশ করে জানাতে হবে এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...