রমজান মাসে মুনাফালোভী নয়, মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র রমজান মাসকে অতিরিক্ত লাভের সুযোগ হিসেবে না দেখে সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে দেশের ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, তাই এই সময় মানুষের ভোগান্তি বাড়ানো উচিত নয়। প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, বিএনপি সরকার বাজারে অনাচার ও অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। একইসাথে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
রোজাদারদের সুবিধার্থে ইফতার, তারাবিহ ও সেহরির সময় গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানির অপচয় রোধ করে সাশ্রয়ী হওয়া প্রতিটি মুসলমানের ধর্মীয় কর্তব্য। অফিস-আদালতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার বন্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

