দেশে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫০ পিএম
দেশে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে পবিত্র মাহে রমজানের রোজা পালন শুরু হবে। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই মসজিদগুলোতে এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। বৃহস্পতিবার ভোররাতে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম রোজা রাখবেন। এ ছাড়া এই রমজান মাসের বিশেষ ফজিলতপূর্ণ লাইলাতুল কদর বা শবে কদর আগামী ১৬ মার্চ দিবাগত রাতে পালিত হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল চাঁদ দেখা গেলেও বাংলাদেশে সাধারণত একদিন পর চাঁদ দেখা যায়। রোজা সংযম ও আত্মশুদ্ধির মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পার্থিব কামনা থেকে বিরত থেকে মুসলমানরা এই ইবাদত পালন করেন। রমজানের শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...