রমজানে সস্তায় পণ্য বিক্রি টিসিবির, ভবিষ্যতে ভর্তুকি লাগবে না
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ফলে চলতি অর্থবছরে প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর কাওরান বাজারস্থ টিসিবি ভবনের সামনে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রমজান উপলক্ষে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সরকারকে টিসিবির জন্য আর ভর্তুকি দিতে হবে না।
আগামী ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বাদে) দেশব্যাপী চার শতাধিক ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং আধা কেজি খেজুর কিনতে পারবেন। ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং সারা দেশের ৫৫ জেলায় ৪৫০টি ট্রাক এই বিক্রয় কার্যক্রমে নিয়োজিত থাকবে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সাধারণ মানুষের সুবিধার্থে ভবিষ্যতে টিসিবির পণ্য তালিকায় সাবান, চা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যুক্ত করা হবে। এছাড়া ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি এবার রমজানে ছোলা ও খেজুর বিশেষ মূল্যে বিক্রি করা হবে।

