গণভবন যাদুঘর হওয়ায় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে অনিশ্চয়তা

প্রাইম বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫ পিএম
গণভবন যাদুঘর হওয়ায় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে অনিশ্চয়তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের অপেক্ষায় রয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নতুন সরকার প্রধান কোন বাসভবনে ওঠাবেন তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণভবন জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হওয়ায় প্রধানমন্ত্রীর বর্তমান বাসভবন যমুনাতেই তিনি উঠবেন বলে জল্পনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর বাসভবন নির্ধারণ নির্ভর করছে। তিনি সিদ্ধান্ত দেওয়ার পর গণপূর্ত অধিদপ্তর সংস্কারের কাজ শুরু করতে পারবে। অন্যদিকে, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের জন্য ৭১টি বাংলোর মধ্যে অর্ধেক এখন খালি রয়েছে। বাকি বাসায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা রয়েছেন, তারা সরে গেলেই সেগুলো প্রস্তুত করা হবে।

জানা গেছে, রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড ও গুলশানে এসব বাসভবন অবস্থিত। ইতিমধ্যে বিরোধীদলীয় নেতার জন্য ২৯ মিন্টো রোডের বাসাটি নির্ধারণ করা হয়েছে। আগামী দিনে সেখানেই উঠবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় নতুন মন্ত্রীদের বাসা বুঝিয়ে দিতে সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...