উপদেষ্টাদের শেষ আনুষ্ঠানিক যাত্রা: যাবেন পতাকা নিয়ে, ফিরবেন পতাকাহীন

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩ পিএম
উপদেষ্টাদের শেষ আনুষ্ঠানিক যাত্রা: যাবেন পতাকা নিয়ে, ফিরবেন পতাকাহীন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তারা জাতীয় পতাকাবাহী গাড়িতে অনুষ্ঠানস্থলে যাবেন, তবে ফেরার পথে তাদের বহনকারী গাড়িতে আর পতাকা থাকবে না। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে আসেন প্রেস সচিব। তিনি জানান, শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা পতাকা ব্যবহার করলেও অনুষ্ঠান শেষে তাদের বাসায় ফেরত আনার সময় গাড়ি থেকে পতাকা সরিয়ে নেওয়া হবে। শফিকুল আলম বলেন, এই উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান এবং ভবিষ্যতেও দেশের উন্নয়নে তারা সর্বোচ্চ অবদান রাখবেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...