Skip to content
অনুসরণ করুন

তৃতীয় পক্ষ নয়, শুধুই বোঝাপড়া: রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পরীমনি

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৪ পিএম
তৃতীয় পক্ষ নয়, শুধুই বোঝাপড়া: রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত জুটি পরীমনি ও শরীফুল রাজের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটালেন নায়িকা নিজেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানালেন, তাদের সংসার ভাঙার পেছনে কোনো ‘তৃতীয় পক্ষ’র ভূমিকা ছিল না। পরীমনির ভাষ্যমতে, দুজনের মধ্যে বোঝাপড়ার বিশাল ফারাক এবং সংসার টিকিয়ে রাখার প্রতি অন্যজনের উদাসীনতাই মূলত এই বিচ্ছেদের কারণ।

এই অভিনেত্রী শোবিজ অঙ্গনে প্রচলিত একটি গুজবও উড়িয়ে দিয়েছেন। অনেকে দাবি করে থাকেন, পরীমনির কারণেই রাজ তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর খোঁজ খবর রাখতে পারছেন না। এ বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য আখ্যা দিয়ে তিনি বলেন, রাজ তার নিজ দায়িত্ববোধ থেকেই সন্তানের সাথে দেখা করবেন, এমনটাই তার প্রত্যাশা। প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন এই দম্পতি। পরের বছর জানুয়ারিতে পরীমনির অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসে এবং ওই বছরের ১০ আগস্ট তাদের পুত্রের জন্ম হয়। তবে সন্তান জন্মের পরও দাম্পত্য কলহ মেটেনি, এক পর্যায়ে রাজের সোশ্যাল মিডিয়া থেকে কয়েকজন নায়িকার ভিডিও লিক হলে বিতর্ক তীব্র হয় এবং ২০২৩ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

ব্যক্তিগত জীবনের এই ঝামেলা সরিয়ে দুজনেই এখন কাজের জগতে মনোযোগ দিয়েছেন। ‘ফেলুবক্সী’ সিনেমায় অভিনয়ের পর পরীমনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘শাস্তি’ সিনেমার কাজ শুরু করেছেন। অন্যদিকে শরীফুল রাজ ‘ইনসাফ’ সিনেমার পর ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’র মতো সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...