রাজবাড়ীতে জাহিদ ফকির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

মো. আকাশ মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০৯ পিএম
রাজবাড়ীতে জাহিদ ফকির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিখন (২৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-১০ তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (মামলা নং-১৯, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি) রুজু করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখে।

র‍্যাব আরও জানায়, এ মামলার প্রধান আসামি রাতুলকে আগেই গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত শিখনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...