রায়পুরে সাধারণ মানুষের পাশে ছাত্রদল, চালু হলো সবজির ন্যায্যমূল্যের বাজার

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং সাধারণ মানুষের স্বার্থে রায়পুরে ন্যায্যমূল্যের সবজি বাজার কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বাজারের চেয়ে কম দামে সবজি বিক্রির মাধ্যমে সাধারণ ক্রেতাদের সুবিধা দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাজারে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ যখন হিমশিম খাচ্ছিলেন, তখন তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এই কর্মসূচি আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বাজারের সরাসরি মূল্যের চেয়ে কম দরে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করেন। এ সময় বাজারে দ্রব্যমূল্য কমানোর দাবিতে সরকারের প্রতি উদ্দেশ্য করে স্লোগানও দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। ছাত্রদলের এই উদ্যোগে ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানা গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে সুবিধা দিতে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

