গোলের দেখা পেল না পর্তুগাল, আবারও সমালোচিত রোনালদো

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৩:৩৫ পিএম
গোলের দেখা পেল না পর্তুগাল, আবারও সমালোচিত রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। রোববার (২৮ জুন) অনুষ্ঠিত এই ম্যাচে দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন একেবারেই নিষ্প্রভ। আগের ম্যাচে জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও কলম্বিয়ার সামনে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া, আর রানার্সআপ হিসেবে টুর্নামেন্ট এগিয়ে গেছে রোনালদোর দল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ম্যাচটি ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণে ঠাসা। প্রথমার্ধে জোহন কর্দোবা ও জোহন আরিয়াসদের সুযোগ নষ্ট হলেও হামেস রদ্রিগেজের নেতৃত্বে আক্রমণ চালিয়ে যায় কলম্বিয়া। পর্তুগিজ রক্ষণে রুবেন নেভেস ও গোলরক্ষক দিয়োগো কস্তা দলকে বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখেন। শেষ দিকে ডাভিনসন সানচেজের গোল অফসাইড হলে হতাশ হতে হয় তাদের।

অন্যদিকে ৪১ বছর বয়সী রোনালদো পুরো ম্যাচে গোলমুখে মাত্র একটি শট নিতে সক্ষম হন। তার নেওয়া একমাত্র ফ্রি-কিকটিও আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক কামিলো ভার্গাস। প্রত্যাশার বিপরীত এই পারফরম্যান্সের জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন পর্তুগিজ এই তারকা। আগামী বৃহস্পতিবার নকআউট পর্বে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যেখানে রোনালদোর মুখোমুখি হওয়ার কথা তার সাবেক সতীর্থ লুকা মদরিচের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...