ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ আটক ৮, আইনের ঊর্ধ্বে কেউ নয়: র‍্যাব

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৫:০২ পিএম
ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ আটক ৮, আইনের ঊর্ধ্বে কেউ নয়: র‍্যাব

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের ওপর হামলা ও সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ‘পাটালি গ্রুপের’ দ্বিতীয় সর্বোচ্চ নেতাসহ আট সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৮ জুন) কারওয়ার বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। এ সময় তিনি স্পষ্ট করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হাত অনেক দীর্ঘ এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারে না।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ জুন) রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুই সহযোগী মো. খোকন মুন্সী ও মো. সজীব ব্যাপারীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে চন্দ্রিমা মডেল টাউন থেকে গ্রেফতার করা হয় গ্রুপটির দ্বিতীয় সর্বোচ্চ প্রধান মো. শামীম পাটালিকে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে চাঁদ উদ্যান ও বাবর রোড এলাকা থেকে চাপাতিসহ আরও চার সদস্যকে গ্রেফতার করে র‍্যাব।

জানা গেছে, গত ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে জখম ও পুলিশের ওপর হামলার ঘটনায় এই গ্রুপের সদস্যরা জড়িত। এই চক্রের অন্য দুই সদস্য রানা পাটালি ও রাসেল পাটালি এর আগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। চলতি ২৪ জুন গ্রুপটির সদস্য জুয়েল ও শাকিলকেও তরবারিসহ গ্রেফতার করেছিল র‍্যাব। ধৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে শামীমের বিরুদ্ধে ৮টি এবং অন্যদের নামে বিভিন্ন সংখ্যক মামলা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...