কালো টাকা রোধে সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
ব্যাংকিং খাতে গচ্ছিত কালো টাকা ফেরাতে এবং মানি লন্ডারিং প্রতিরোধে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই পদক্ষেপের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্নীতিবাজরা যে অর্থ লুটেপুটে নিয়েছে, তা এখনো অনেকে ঘরে পুঁতে রেখেছেন অথবা দেশ ছেড়ে পালিয়েছেন। ওই সব গরিবের টাকা ব্যাংকিং চ্যানেলে ফের আনতে ১ থেকে ২ মাসের জন্য ১০০০ ও ৫০০ টাকার নোট অবৈধ ঘোষণা করা যেতে পারে। তিনি প্রস্তাব করেন, যাদের কাছে এই টাকার বৈধ উৎসের নথি নেই, তারা নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর প্রদান করে অর্থটি বৈধ করার সুযোগ পাবেন। এতে করে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে এবং বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির চাকা সচল হবে।
ব্যাংক খাত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দেশে প্রয়োজনের অতিরিক্ত ব্যাংক রয়েছে। এমপি বা নেতা হওয়ার সুবাদে সবাই ব্যাংক বা লিজিং কোম্পানি খোলার উদ্যোগ নেন, যা সমীচীন নয়। জনগণের টাকা দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা বন্ধ করতে হবে। এছাড়াও অর্থপাচার বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

