ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল সরকার

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ১১:৪২ পিএম
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল সরকার

শ্রমিকদের বেতন-মজুরি নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ন্যূনতম মজুরি বোর্ড নতুন করে গঠনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে তিনজনের নাম পাঠাতে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনকে (বিইএফ) অনুরোধ করেছে শ্রম অধিদপ্তর।

গত ১৫ অক্টোবর অধিদপ্তরের সালিশি শাখা থেকে বিইএফের মহাসচিব বরাবর পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে প্রস্তাবিত নামগুলো জানাতে বলা হয়। চিঠিতে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর সংশোধিত ২০২৩ সালের ১৩৮ ধারার উপধারা (২) ও (৪) অনুসারে বোর্ডটি পুনর্গঠন করা হবে। এর আওতায় একজন নিরপেক্ষ সদস্য ছাড়াও মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য তিনজন করে প্রার্থীর নাম চেয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রস্তাবিত তিন প্রতিনিধির নামের সঙ্গে প্রত্যেকের তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি এবং জীবনবৃত্তান্ত দ্রুত অধিদপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জীবনবৃত্তান্তে প্রার্থীর প্রতিষ্ঠান বা সংগঠনের নাম এবং পদবি স্পষ্টভাবে উল্লেখ করার জন্যও বলা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক শামীমা সুলতানা বারী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শ্রমিকদের মজুরি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় বিধায় আইনের বিধান মেনেই বোর্ড পুনর্গঠনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন বোর্ড কবে গঠিত হবে এবং কোন কোন খাতের মজুরি নির্ধারণের কাজ অগ্রাধিকার পাবে, তা নিয়ে চিঠিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...