হারামাইনের সুরক্ষা ঈমানের অংশ, হুথি আগ্রাসনে ঐক্যের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ৭:১৮ পিএম
হারামাইনের সুরক্ষা ঈমানের অংশ, হুথি আগ্রাসনে ঐক্যের আহ্বান

পবিত্র মক্কা-মদিনার দুই মসজিদের নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর ঈমানের অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। তাঁর ভাষায়, মসজিদুল হারাম ও মসজিদে নববীর সুরক্ষা বিঘ্নিত করার যেকোনো তৎপরতা নিন্দনীয় এবং ঈমান বিধ্বংসী কাজ। এ ব্যাপারে বিশ্বের মুসলমানদের একযোগে সোচ্চার হওয়াই সময়ের চাহিদা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ‘হারামাইন শরিফাইনের সুরক্ষায় হুথির বিরুদ্ধে অবস্থান: আমাদের ঈমানি দায়িত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সৌদি আরবের পবিত্র ভূমিতে হুথি গোষ্ঠীর হামলার প্রতিবাদ এবং হারামাইন শরিফাইনের মর্যাদা রক্ষায় মুসলিম উম্মাহর সংহতি জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন।

সেমিনারে ড. আব্দুল্লাহ ফারুক বলেন, পবিত্র মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। হারামাইন শরিফাইনের নিরাপত্তার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। ইয়েমেনের হুথিদের আগ্রাসন মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সেনাবাহিনী পাঠানোর প্রত্যয় ব্যক্ত করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি সমন্বিত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। পারস্পরিক বিভেদ ভুলে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার ওপর জোর দেন তিনি।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক প্রফেসর ড. মুসলেহ উদ্দীন, কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী, সহ-সভাপতি শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন, শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইমাম হুসাইন।

আলোচনায় অংশ নেন যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুযাফফর বিন মুহসিন, ফাতাওয়া ও গবেষণাবিষয়ক সেক্রেটারি ড. মুহাম্মদ ইবরাহীম মাদানী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সেক্রেটারি আনওয়ারুল ইসলাম জাহাঙ্গীর, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহিল হাদী ও সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদ প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা ও হারামাইন শরিফাইনের মর্যাদা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ বিষয়ে বিশ্ব মুসলিমের মধ্যে সচেতনতা, সংহতি ও দায়িত্বশীল অবস্থান গড়ে তোলাই এ সেমিনারের মূল লক্ষ্য ছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...