দুর্গাপূজায় থিমের মহারণ, কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে জেলাগুলোও
পশ্চিমবঙ্গের দুর্গাপূজা এখন কেবল আনন্দের উৎসব নয়, তা হয়ে উঠেছে সৃজনশীলতার প্রতিযোগিতার মাঠ। প্রতিমা শিল্পীদের তুলির কাজ শেষে মণ্ডপে মণ্ডপে বসেছে দেবী দুর্গার মূর্তি; সঙ্গে চোখ ধাঁধানো প্যান্ডেল আর নতুন ভাবনায় সাজানো থিম। কেবল উত্তর-দক্ষিণ কলকাতাই নয়, এই থিমের লড়াইয়ে মাত্রা মেপে এগিয়ে এসেছে রাজ্যের বিভিন্ন জেলার পুজোগুলোও।
কলকাতার মণ্ডপগুলোতে এবার দেশ-বিদেশের ঐতিহ্যবাহী মন্দির ও স্থাপত্যের আড়ম্বর ফুটে উঠেছে। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার নিজেদের ৯১ বছরে পা দেওয়ার বছরে এনেছে ‘বন্দে মাতরম’ থিম। দক্ষিণ কলকাতার তরফে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কসবার রাজডাঙ্গা নব উদয় সংঘ—তাদের ৪৩ বছরের পুজোয় থিম ‘শোধন’। একই এলাকার বোসপুকুর শীতলা মন্দিরের পূজা সাজানো হয়েছে রাস্তার ওপর চোখজুড়ানো প্যান্ডেলে; ৭৭ বছরের জয়ন্তীর এই বছরে তাদের থিম তিন ‘চুপ’।
কসবার রাজডাঙ্গা উদয়ন সংঘ ক্লাবের সভাপতি শমীক দাস জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তাদের পুজোয় দর্শনার্থীর ভিড় বাড়ছে, এবারও তা ধরে রাখতে চাই। তাঁর ভাষায়, প্রতি বছরের মতো এবারও উত্তর কলকাতাকে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়েই ‘শোধন’ থিমের এই আয়োজন।
জেলার পুজোগুলোও কোনো অংশে পিছিয়ে নেই। উত্তর ২৪ পরগনার পনিহাটির সুকান্ত নগরের পূজায় উঠে এসেছে ‘কার্গিলের পাহাড়’। বারাসাত সাহা পাড়ার সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করেছে মণ্ডপ। কমিটির কর্ণধার রাজ সাহা জানিয়েছেন, তারা বরাবরই আলাদা থিমের পুজো করে আসছেন—গত বছর ছিল মুম্বইয়ের সিদ্ধিভিনায়ক মন্দিরের আদলে মণ্ডপ। তিনি আশা করছেন, গত বছরের তুলনায় এবার আরও বেশি সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে। শহর থেকে জেলা—সর্বত্র চলা এই থিমের লড়াইই প্রতি বছর দুর্গাপূজাকে করে তুলছে আরও নান্দনিক ও বিস্তৃত।

