পাহারায় ঘেরা দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদের ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ৬:৪১ পিএম
পাহারায় ঘেরা দুর্গাপূজা ‘দুর্ভাগ্যজনক’: ঐক্য পরিষদের ক্ষোভ

দেশজুড়ে শারদীয় দুর্গাপূজা পুলিশের কড়া নজরদারি, ড্রোন আর রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাহারার মধ্য দিয়ে আয়োজন করাকে ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’ বলে চিহ্নিত করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির এমন মন্তব্য এসেছে, যা গত বুধবার (১৪ অক্টোবর) স্বাক্ষর করেন যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।

বিবৃতিতে বলা হয়, এভাবে পূজা আয়োজনের ফলে সংখ্যালঘু পূজারীদের ধর্মীয় স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়ছে—যা মোটেও কাম্য নয়।

পূজার দিন যতই ঘনিয়ে আসছে, সাম্প্রদায়িক দুর্বৃত্তদের ঘৃণ্য তৎপরতা ততই বাড়ছে বলে জানানো হয় সংগঠনটির বিবৃতিতে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের আংশিক চালচিত্র অনুযায়ী, এ সময়ে হত্যার ঘটনা ঘটেছে ১৬টি, ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা ৪টি এবং মন্দিরে হামলা-লুটপাট, জায়গা দখল ও বিগ্রহ ভাংচুরের ঘটনা ঘটেছে ৩৬টি। এর পাশাপাশি ধর্ম অবমাননার কথিত অভিযোগে আটক করা হয়েছে ৬ জনকে।

একই সময়কালে আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা ৭টি, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট-ভাংচুর ১১টি, হামলা-ছিনতাই-ডাকাতি ও মারধর ২৬টি, জমি বা সম্পত্তি দখল ১৪টি, অপহরণ-হত্যার হুমকি ও হয়রানি ৩টি, চাঁদাবাজি ৪টি এবং অন্যান্য ঘটনা ১৪টির তথ্যও তুলে ধরেন সংগঠনটি। সব মিলিয়ে এ সময়ে সংখ্যালঘুদের ওপর অন্তত ১৪১টি ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে জানানো হয়, গত ১২ অক্টোবর রাত ৮টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত মন্দিরের ইট ব্যবহার করে মন্দিরের সামনে গরুর মাংসের খিচুড়ি রান্নার মাধ্যমে একটি চক্র সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রচার অব্যাহত রয়েছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করা হয়।

ঐক্য পরিষদের অভিযোগ, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনায় দুর্বৃত্তরা আরও উৎসাহী হয়ে ঘৃণ্য অপকর্ম চালিয়ে যাচ্ছে। সংগঠনটির প্রত্যাশা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং অপরাধীরা দ্রুত শাস্তির মুখোমুখি হোক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...