সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা

প্রাইম বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৬ ৪:২৯ পিএম
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা

রাজধানীর পল্লবী ও বনানীর ডিওএইচএস এলাকা থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাতে দুই থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেফতার হওয়া এই দুজন সাবেক সেনা কর্মকর্তা তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। এছাড়া উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কার্যক্রম চালানোর সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের দেওয়া তথ্যমতে, ‘Unity Care Public Parliament’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল.কম’ নামের একটি অনলাইন পেজের মাধ্যমেও নানা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই প্ল্যাটফর্মগুলো কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যুক্ত ছিল বলেও প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে বলে জানা গেছে।

গ্রেফতার এই দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় তাদের জড়িত নেটওয়ার্কের বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের ধারণা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...