এআইয়ের ধাক্কায় বিশ্ব শ্রমবাজার: দুই বছরে ১০ শতাংশ কমেছে নিয়োগ

প্রাইম বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৬ ২:৪০ পিএম
এআইয়ের ধাক্কায় বিশ্ব শ্রমবাজার: দুই বছরে ১০ শতাংশ কমেছে নিয়োগ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ছোঁয়া এবার বৈশ্বিক চাকরির বাজারেও পড়েছে। যেসব পেশায় এই প্রযুক্তির কার্যকারিতা তুলনামূলক বেশি, সেসব খাতে গত দুই বছরে নিয়োগদাতাদের চাহিদা প্রায় ১০ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে তথ্যপ্রযুক্তির কোডিং-সংশ্লিষ্ট পেশাগুলো।

সোমবার (১০ সেপ্টেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন দ্য এজ অব এআই’ শীর্ষক এক সেশনে এসব তথ্য উঠে আসে। সেখানে বক্তব্য দেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের দিব্যা কীর্তি। তার ব্যাখ্যায়, এআই শ্রমবাজারে প্রভাব রাখতে শুরু করেছে ঠিকই, তবে প্রযুক্তির সক্ষমতা বাড়ার হারে কর্মসংস্থানের অবনতি এগোয়নি। কারণ, নিয়োগদাতারা এখন এমন কর্মী খুঁজছেন, যারা এআই ব্যবহার করে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে পারেন। ফলে প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা বরং বাড়ছে।

দিব্যা কীর্তির মতে, সব পেশায় এআইয়ের প্রভাব একসমান নয়। কোডিংয়ের মতো খাতে প্রযুক্তিটি সহজেই মানুষের বিকল্প হতে পারছে, ফলে সেসব ক্ষেত্রে নিয়োগ পিছিয়ে যাচ্ছে। বিপরীতে সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনার মতো কাজে এখনো মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপস্থাপনায় বলা হয়, ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর এআই নিয়ে আলোচনা ব্যাপকতা পেলেও কর্মসংস্থানে স্পষ্ট প্রভাব শুরুতে দেখা যায়নি। তবে ২০২৪ ও ২০২৫ সালে এসে এআই-সংশ্লিষ্ট পেশায় নিয়োগ কমার প্রবণতা ফুটে উঠেছে। এছাড়া এআইকে কার্যকরভাবে নির্দেশনা দেওয়া, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য ও জ্ঞানের সঙ্গে প্রযুক্তিটির সংযোগ ঘটানো এবং এর মাধ্যমে ভালো ফলাফল অর্জনের সক্ষমতা এখন কর্মীদের জন্য জরুরি হয়ে উঠছে বলেও জানান তিনি।

এশিয়ার দেশগুলোতে অবশ্য এআইয়ের প্রভাব একরকম হবে না বলেও মন্তব্য করেন দিব্যা কীর্তি। তার ভাষ্যে, তুলনামূলক উন্নত দেশগুলো প্রথমেই এর ধাক্কা অনুভব করতে পারে, কারণ সেসব দেশের বড় অংশের কর্মী এমন খাতে নিয়োজিত, যেখানে এআইয়ের প্রভাব বেশি। অন্যদিকে কৃষির মতো খাতে বেশি মানুষ কর্মরত থাকায় অনেক উন্নয়নশীল দেশের চিত্র ভিন্ন হতে পারে। সামনের দিনগুলোতে এআই ব্যবহারে দক্ষ কর্মীদের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...