বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে হামলার অভিযোগ, নারীসহ আহত ১০ কর্মচারী

প্রাইম বার্তা অনলাইন
০৩ অক্টোবর ২০২৬ ৭:২৪ পিএম
বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে হামলার অভিযোগ, নারীসহ আহত ১০ কর্মচারী

সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। নারীসহ প্রায় ১০ জন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। ঘটনার পর হাসপাতালের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকাল থেকে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি শুরু করেন এবং প্রধান ফটকের সামনে অবস্থান নেন। দুপুরে সেখানে আসেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে দেখে কয়েকজন আন্দোলনকারী লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এরপর কয়েকজন কর্মচারীকে কনফারেন্স হলে নেওয়া হয় এবং স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করে। পরে ওই কর্মচারী ইমদাদ হোসেন চৌধুরীর পা ধরে ক্ষমা চান।

আন্দোলনকারীদের অভিযোগ, ক্ষমা চাওয়ার সময় কয়েকজন বহিরাগত তাকে মারধর করে এবং কক্ষ থেকে বেরিয়ে লিফটের সামনেও তাকে প্রহার করা হয়। তারা দাবি করেন, হামলাকারীরা বিএনপির নেতাকর্মী। হাসপাতালের নিরাপত্তাকর্মী আহমদ আলী বলেন, ‘ভুল করেছি, তাই ক্ষমাও চেয়েছি। বের হওয়ার সময় পেছন থেকে একদল লোক আমাদের ওপর চড়াও হয়। তারা আমাদের মারধর করেন।’ এই উত্তেজনায় প্রায় দুই ঘণ্টা হাসপাতালের ভেতরে আটকে পড়েন ইমদাদ হোসেন চৌধুরীসহ অনেকে। বিকেল তিনটার পর বের হওয়ার সময় আবারও ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘আন্দোলনরত কর্মচারীদের কয়েকজন বহিরাগত মারধর করেছে বলে শুনেছি। তবে এতে বিএনপির কেউ জড়িত নয়। বিষয়টি সমাধান করে এসেছি। কর্মচারীরাও আন্দোলন স্থগিত করেছেন।’ তার ভাষ্যমতে, আলাপ-আলোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বেতন বাড়াতে সম্মত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...