রায়েরবাজারে ‘সড়কসাথী’র তৃতীয় কর্মশালায় সাড়া দিলেন ৬০ শিক্ষার্থী

প্রাইম বার্তা অনলাইন
০৩ অক্টোবর ২০২৬ ৫:৫৭ পিএম
রায়েরবাজারে ‘সড়কসাথী’র তৃতীয় কর্মশালায় সাড়া দিলেন ৬০ শিক্ষার্থী

নিরাপদ সড়কে চলাচল, জলবায়ু বিষয়ে সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘সড়কসাথী’ প্রকল্পের তৃতীয় কর্মশালার আয়োজন হয়েছে রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে। এতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৬০ জন শিক্ষার্থী সরাসরি অংশ নেয়।

পরিবেশ রক্ষার আন্দোলনে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘একুইমেন হ্যাভেন’ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির ফেলো আফরোজা আক্তার তৃষা। এতে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত ছিলেন ‘ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ’ নামের এনজিওর প্রমা সাহা ও নাইমা, পাশাপাশি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং ক্লাবের দুই সদস্য মাহিম ও মাশরুফ বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে অংশগ্রহণ করেন।

রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেসার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন বাংলাদেশের (টিপিএফবি) সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী মনজুর করিম মিতুল এবং সংস্থাটির ট্রেজারার আমিন উজ জামান মাদানী। তাঁর প্রতিষ্ঠান রেডকনের পক্ষ থেকে কুইজ ও গেমসে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের জন্য উপযোগী অডিও-ভিজ্যুয়াল অ্যানিমেশন উপস্থাপন করা হয়, যা তাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক হবে বলে আয়োজকরা প্রত্যাশা করেছেন। আতিথেয়তায় অংশ নেওয়া অতিথিরাও কুইজ ও ইন্টারেক্টিভ গেমে শিক্ষার্থীদের সঙ্গে জড়িয়ে যান, যা পুরো আয়োজনে ব্যাপক প্রাণচাঞ্চল্য নিয়ে আসে। এসব কার্যক্রমের মাধ্যমে সহজ ভাষায় আলোচনা করা হয়—দৈনন্দিন আবহাওয়া ও দীর্ঘমেয়াদি জলবায়ুর পার্থক্য, অতিরিক্ত গ্রিনহাউজ গ্যাসে বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি, ট্রাফিক নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, যানজট কমিয়ে জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ হ্রাস, জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যাল ব্যবহারের প্রয়োজনীয়তা, স্বল্প দূরত্বে হাঁটা বা সাইকেল চালিয়ে কার্বন ফুটপ্রিন্ট কমানো এবং রাস্তা পরিষ্কার রাখতে ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ার বিষয়গুলো।

আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার চেতনা জাগানো এবং সড়কে নিরাপদ চলাচলের অভ্যাস তৈরিই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় সামনে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে একিউমেন হ্যাভেনের সহায়তায় শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হবে ‘ক্লাইমেট ফাইটিং ক্লাব’, যা তরুণদের উদ্যোগে পৃথিবীকে অতিরিক্ত উষ্ণায়ন ও দূষণ থেকে রক্ষা করতে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...