দাস বাণিজ্যের ক্ষমা ও ক্ষতিপূরণের দাবির মুখে ক্যারিবীয় সফরে কিং চার্লস

প্রাইম বার্তা অনলাইন
০৩ অক্টোবর ২০২৬ ৬:১১ পিএম
দাস বাণিজ্যের ক্ষমা ও ক্ষতিপূরণের দাবির মুখে ক্যারিবীয় সফরে কিং চার্লস

আটলান্টিক দাস বাণিজ্যে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকার জন্য ক্ষমা ও ক্ষতিপূরণের দাবির মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। আগামী ২৭ অক্টোবর তিনি ও রানি ক্যামিলা ক্যারিবীয় অঞ্চলের অ্যান্টিগুয়া ও বারবুডায় আট দিনের সফরে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এই সফর চলাকালীন দাস বাণিজ্যের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি তুলে ধরা হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বাকিংহাম প্যালেসের বক্তব্য অনুযায়ী যুক্তরাজ্যের ইতিহাসের ‘সবচেয়ে অন্ধকার দিনগুলো’ এড়িয়ে যাওয়া হবে না। তবে রাজাকে ক্ষমা চাইতে বা ক্ষতিপূরণের প্রস্তাব দিতে সরকারপক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানা গেছে। অ্যান্টিগুয়া ও বারবুডায় রাজা ও রানি কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বা সিএইচওজিএম-এ যোগ দেবেন। এরপর তাদের বাহামাস ও গায়ানাতেও যাওয়ার কর্মসূচি রয়েছে। প্রাসাদের বক্তব্য, সফরের মূল উদ্দেশ্য প্রতিটি দেশের ‘প্রাণবন্ত বর্তমান ও সম্ভাবনাময় ভবিষ্যৎ’কে তুলে ধরা।

প্রায় দুই শতাব্দী ধরে চলা আটলান্টিক দাস বাণিজ্যে ব্রিটেন ছিল অন্যতম প্রধান অংশীদার। ১৬৬০-এর দশকে রয়্যাল আফ্রিকান কোম্পানি গঠনের পর ব্রিটিশ জাহাজে পশ্চিম আফ্রিকার মানুষদের বন্দি করে ক্যারিবীয় ও আমেরিকায় পাঠানো হতো। ভয়ানক ওই সমুদ্রপথ ‘মিডল প্যাসেজ’ নামে পরিচিত, যেখানে রোগ, অপুষ্টি ও নির্যাতনে অসংখ্য মানুষের মৃত্যু ঘটত। বন্দিদের দিয়ে চিনি, তামাক, কফি ও তুলাসহ নানা পণ্য উৎপাদন করানো হতো। ১৮০৭ সালের আইনে দাস বাণিজ্য নিষিদ্ধ হলেও ১৮৩৩ সালের স্লেভারি অ্যাবোলিশন অ্যাক্টের মাধ্যমেই ব্রিটিশ সাম্রাজ্য থেকে দাসপ্রথার সম্পূর্ণ অবসান ঘটে।

এর আগে দাসপ্রথায় ব্রিটেনের ভূমিকার জন্য চার্লস নিজের ‘ব্যক্তিগত দুঃখবোধ’ প্রকাশ করেছিলেন এবং দাস বাণিজ্যকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে বলেছিলেন, তা ‘চিরতরে আমাদের ইতিহাসে কলঙ্কের দাগ রেখে গেছে’। গত সেপ্টেম্বরে জ্যামাইকা সরকার জানিয়েছে, দাসপ্রথার ক্ষতিপূরণের দাবিতে তারা রাজার কাছে আবেদনপত্র দেবে। দেশটির সংস্কৃতিমন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ বলেন, জ্যামাইকায় আফ্রিকানদের দাসে পরিণত করার বৈধতা নিয়ে তিনটি প্রশ্ন প্রিভি কাউন্সিলের জুডিশিয়াল কমিটিতে পাঠানোর জন্য রাজাকে অনুরোধ করা হবে। তবে ডাউনিং স্ট্রিটের অবস্থান স্পষ্ট—দাস বাণিজ্য যতই ‘ঘৃণ্য’ হোক, যুক্তরাজ্য ক্ষতিপূরণ দেবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...