মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত ও সৎকারে ৯ কোটি ৪৯ লাখ টাকা মঞ্জুর
মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক খরচ মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা অনুমোদন দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এই বরাদ্দের কথা জানানো হয়। টাকাটি দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে ছাড় করা হবে।
আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতে দাফন বাবদ অনুদান হিসেবে ১৮ কোটি টাকা রাখা হয়েছে, যার মধ্য থেকে নির্দিষ্ট এই অঙ্কের অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ হিসাবরক্ষণ কার্যালয় থেকে যথাযথ বিলের মাধ্যমে ট্রেজারি থেকে অর্থ উত্তোলন করবেন। এজন্য সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথরিটি পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।
শর্ত অনুযায়ী, এই তহবিল কেবল মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও পরিবহনের কাজেই খরচ করা যাবে; অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের সময় সরকারি আর্থিক বিধি ও নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষ সরাসরি দায়ী থাকবে।
আদেশে আরও বলা হয়েছে, ৩০ জুন ২০২৭-এর পরও কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশটি ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

