ঢাবিতে মুখে স্প্রে করে অচেতন, রিকশাচালকের রিকশা ছিনিয়ে নেয় যাত্রীরা

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১:১৪ পিএম
ঢাবিতে মুখে স্প্রে করে অচেতন, রিকশাচালকের রিকশা ছিনিয়ে নেয় যাত্রীরা

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক রিকশাচালককে অজ্ঞান করে রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) শামসুন নাহার হলের বিপরীতে প্রাধ্যক্ষ ভবনের সামনে চানমিয়া খান (৪৬) নামের ওই চালককে টানা তিন থেকে চার ঘণ্টা অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগীর ভাষ্য, যাত্রীর ছদ্মবেশে থাকা কয়েকজন তার মুখের সামনে গ্যাস জাতীয় পদার্থ স্প্রে করে তাকে অজ্ঞান করে রিকশা নিয়ে চলে যায়।

ঘটনাটি সবার নজরে আনেন ঢাবির মুহসিন হলের সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী ও লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন রবিন। তিনি বিষয়টি জানালে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে রবিন ও প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়।

মাদারীপুরের চরমুড়া থানার হাজরাপুর গ্রামের বাসিন্দা চানমিয়া খান জানান, দয়াগঞ্জ থেকে জিনজিরা যাওয়ার কথা বলে তিনজন যাত্রী তার রিকশায় ওঠেন। যাত্রীদের মধ্যে আমজাদ ও বিল্লু নামের দুজনকে তিনি আগে থেকেই চিনতেন। পথিমধ্যে গন্তব্য বদলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার কথা বলেন ওরা। একপর্যায়ে যাত্রীদের কেউ একজন তার মুখের সামনে বাতাস জাতীয় কিছু স্প্রে করলে তিনি জ্ঞান হারান। সুযোগ নিয়ে রিকশা নিয়ে নিখোঁজ হয়ে যায় ওই ব্যক্তিরা। এরপর তাকে শামসুন নাহার হলের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ঘটনাস্থলে আসার আগে সাজ্জাদ হোসাইন রবিন ভুক্তভোগীর মোবাইল ফোনে সংরক্ষিত পরিচিতজনদের নম্বরে যোগাযোগ করেন। খবর পেয়ে নান্নু নামে এক ব্যক্তি ঘটনাস্থলে আসেন; সঙ্গে ছিলেন রাসেল নামের আরেকজন। নান্নু নিজেকে চানমিয়ার শালা বা স্ত্রীর ভাই বলে পরিচয় দেন। এ ঘটনায় বিষয়টি অবগত করা হয়েছে শাহবাগ থানা পুলিশকে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...