ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে চট্টগ্রামের ৩ ওয়ার্ডে চসিকের বিশেষ অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ পিএম
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে চট্টগ্রামের ৩ ওয়ার্ডে চসিকের বিশেষ অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব সামাল দিতে চট্টগ্রাম নগরীর ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (৬ সেপ্টেম্বর) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।

মশার প্রজননস্থল তৈরির জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এসময় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। অভিযানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, মশাবাহিত রোগ দমনে সিটি করপোরেশন সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছে। নগরের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তবে শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বাড়ি, ছাদ, নির্মাণাধীন স্থাপনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আগামী দিনগুলোতে ঝুঁকি এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চসিক সংশ্লিষ্টদের আশ্বাস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...