দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকারি সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮ এএম
দায়িত্ব নেওয়ার পর প্রথম সরকারি সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে আজ রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে হেলিকপ্টারে যাত্রা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টায় রওনা দেওয়ার কথা তার। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন তিনি।

স্টেডিয়াম থেকে জেলা সার্কিট হাউজে গেলে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। এরপর শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাবেশের প্রস্তুতি চলছে সেখানে।

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। ওই বাসভবনেই তার রাত্রিযাপনের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে সার্কিট হাউজে যাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...