ছেলে পরীক্ষার হলে যায় বাবার গুমের খবর শুনে, স্ত্রীর আবেগঘন স্মৃতিচারণ

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৭:৫৪ পিএম
ছেলে পরীক্ষার হলে যায় বাবার গুমের খবর শুনে, স্ত্রীর আবেগঘন স্মৃতিচারণ

স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার পরদিনই বড় ছেলের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে যাওয়ার পথে পত্রিকা বিক্রেতার মুখে ‘ইলিয়াস আলী গুম’ শব্দটি শুনেই পরীক্ষা দিতে যেতে হয়েছিল তার ছেলেকে। রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই আবেগঘন স্মৃতিচারণ করেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, ইলিয়াস আলী ১৭ এপ্রিল গুম হন। পরের দিন ১৮ এপ্রিল তার বড় ছেলের ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। পরীক্ষার্থী ছেলেকে নিয়ে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যালে পত্রিকা বিক্রেতা চিৎকার করে বলছিলেন, ইলিয়াস আলী গুম। এই পরিস্থিতিতেই নীরবে পরীক্ষার হলে ঢোকে তার ছেলে। লুনা আরও জানান, ছোট মেয়েকে স্কুলে বাবার অনুপস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, এমনকি কারও কারও হাসাহাসির কারণে স্কুল পর্যন্ত বদলাতে হয়েছিল। শিশুদের স্বাভাবিক পরিবেশে বড় করতে তিনি তাদের আর মিডিয়ার সামনে আনেননি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গুমের শিকার পরিবারের সদস্যরা এই আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং গুমের বিচার নিশ্চিতের দাবি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...