থার্ড টার্মিনাল সচল করতে ৯০০ কোটি টাকা বরাদ্দ অত্যাবশ্যকীয়: বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে তিনি জানান, এই অর্থ কোনো দুর্নীতির সুযোগ সৃষ্টি করা নয়, বরং ২ দশমিক ১ বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় সম্পদ সচল করে রাজস্ব আয় বাড়ানোর জন্য এটি অত্যন্ত জরুরি।
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে শুধুমাত্র ভবন উদ্বোধন করেই প্রকল্পের কাজ শেষ বলে দাবি করা হলেও মেশিনারি ও সংকেত সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলো অসম্পূর্ণ ছিল। ফলে জাইকার ঋণের কিস্তি পরিশোধ শুরু হলেও টার্মিনালটি অচল থাকায় কোনো আয় হচ্ছিল না। এমনকি ঠিকাদারের বকেয়া পরিশোধ ও অবকাঠামো সম্পূর্ণ করতে এই ৯০২ কোটি টাকা অনুমোদন না দিলে বিশাল এই সম্পদটি অকার্যকর হয়ে পড়ত।
এর আগে এমপি হান্নান মাসউদ অভিযোগ করেছিলেন, প্রকল্পের ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে ২১ হাজার ৩০০ কোটি হয়েছে এবং সিএজি প্রায় ৪ হাজার ৪৬৯ কোটি টাকার অনিয়ম পেয়েছে। কাজ প্রায় শেষ হওয়ার পর এই অতিরিক্ত বরাদ্দ কেন দরকার—তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রী জানান, এই বরাদ্দ পেলে টার্মিনালটি দ্রুত চালু করা সম্ভব হবে এবং বর্তমান যাত্রী সেবার চেয়ে দ্বিগুণ যাত্রী পরিচালনা করে জাইকার ঋণ পরিশোধ করা সহজ হবে। এছাড়া অন্য এক প্রশ্নের জবাবে বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, টিকিটের মূল মূল্য নির্ধারিত সীমার মধ্যেই আছে, কর যোগ হওয়ায় মোট খরচ কিছুটা বেশি মনে হয়।

