গুম তদন্তে স্বাধীন কমিশন চেয়ে স্পিকারের কাছে কমিটির স্মারকলিপি
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গত রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের স্পিকারের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। এতে দেশে সংঘটিত গুম, গোপন আটক ও নির্যাতনের ঘটনাগুলোর সত্য উদঘাটন এবং দায়ীদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত একটি স্বাধীন ও কার্যকর তদন্ত ব্যবস্থা গঠনের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত প্রায় দেড় দশক ধরে রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে তুলে নিয়ে গোপন আটক ও নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, কমিশনের কাছে ১ হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ১ হাজার ৫৬৯টিকে গুম এবং ২৮৭টিকে নিখোঁজ বা মৃত হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া আলোচিত ‘আয়নাঘর’ বা গোপন আটককেন্দ্রগুলোর পূর্ণাঙ্গ তদন্ত ও সেখানকার আলামত সংরক্ষণেরও দাবি করা হয়।
সংগঠনটির মতে, গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব যদি এককভাবে পুলিশের ওপর অর্পণ করা হয়, তবে তদন্তের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দেবে। কারণ অভিযোগের তালিকায় থাকা অধিকাংশ ঘটনার সাথেই রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা জড়িত। তাই প্রতিহিংসা নয় বরং রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব হিসেবে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠন অত্যাবশ্যকীয় বলে জানিয়েছে তারা।

