বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী, সমন্বয় বাড়াতে নতুন উদ্যোগ
বেসামরিক বিমান খাতের উন্নয়ন ও সমন্বয়ের লক্ষ্যে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতি সপ্তাহে একদিন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে উপস্থিত থেকে কাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাধ্যমে মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে চান তিনি।
গত ২৪ আগস্ট সোমবার দায়িত্বগ্রহণের পর মন্ত্রী জানান, পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন তিনি বেবিচক বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে বসার পরিকল্পনা করছেন। মাঠ পর্যায়ে উপস্থিত থাকলে মন্ত্রণালয়, বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যকার যেকোনো সমস্যা সমাধান এবং সমন্বয় আরও সহজ ও কার্যকর হবে বলে মনে করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর এই সরাসরি তত্ত্বাবধান বিমানবন্দর উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা ও ফ্লাইট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও বিমান বাংলাদেশের উন্নয়ন কাজগুলোর গতি বাড়বে। এছাড়া প্রশাসনিক কাজে গতি আনতে এবং নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নেও এই উপস্থিতি ফলপ্রসূ হবে।

