রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি: দীনেশ ত্রিবেদী

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৫:০৭ পিএম
রাজনীতির টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে দেশ দুটি: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক কোনো টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ছোটখাটো রাজনৈতিক বা অন্য কোনো ইস্যু থাকতে পারে। তবে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তাই দুই দেশের মানুষের কথা মাথায় রেখে উন্নয়নের স্বার্থেই অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, অর্থনীতির সম্পর্ক ঠিক থাকলে অন্যান্য ক্ষেত্রেও সুফল মিলবে।

পোশাক খাতে দেশ দুটির যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের গুণগত মান ও দক্ষতা প্রশংসনীয়। ভারত বাংলাদেশের পোশাক শিল্পের জন্য জিপার, বোতাম এবং মেশিনারি সরবরাহ করতে পারে, যা পারস্পরিক নির্ভরশীলতা বাড়াবে। এছাড়া বৈঠকে স্থলবন্দরগুলো সচল করা, বন্ধ হয়ে যাওয়া সীমান্ত হাটগুলো পুনরায় চালু করা এবং স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...