পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগের আহ্বান
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে এক বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এ বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, মূলত এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, যেখানে সরকারের নতুন নীতিমালা ও ইশতেহারে অন্তর্ভুক্ত উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, গত ছয় মাসে মন্ত্রণালয় যেসব পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতের পরিকল্পনা সে বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। পাশাপাশি, দেশের উন্নয়নের স্বার্থে মার্কিন উদ্যোক্তাদের পিপিপি মডেলে এসে বিনিয়োগ করার আগ্রহের কথাও জানানো হয়।
এ সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বিনিয়োগের প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করে তার সরকারকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। ভবিষ্যতে এই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মন্ত্রী ও রাষ্ট্রদূত উভয়েই।

