সৌরবিদ্যুতে বিনিয়োগ সুরক্ষায় ২০ বছরের মেয়াদ দাবি উদ্যোক্তাদের

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৬:৪৫ পিএম
সৌরবিদ্যুতে বিনিয়োগ সুরক্ষায় ২০ বছরের মেয়াদ দাবি উদ্যোক্তাদের

দেশে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট বা এমপিপি স্থাপনে আগ্রহী উদ্যোক্তাদের জন্য অন্তত ২০ বছরের নিরাপদ মেয়াদ নিশ্চিত করার দাবি জানিয়েছে সৌরবিদ্যুৎ মালিকদের সংগঠন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। রোববার (২৩ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের গাইডলাইন ও ট্যারিফ বিষয়ক গণশুনানিতে এই দাবি উত্থাপন করা হয়। এ সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

বিএসআরইএ’র সভাপতি মোস্তফা আল মাহমুদ লিখিত প্রস্তাবে উল্লেখ করেন, কোনো কারণে বিদ্যুৎকেন্দ্র বন্ধ বা চুক্তি বাতিল করা হলে তার আগে ন্যূনতম ২০ বছরের মেয়াদ থাকা আবশ্যিক। দীর্ঘমেয়াদি এই বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ বিভাগ, ডেভেলপার এবং বিনিয়োগকারীর মধ্যে একটি ত্রিপক্ষীয় আইনি চুক্তি স্বাক্ষরেরও প্রস্তাব দেন তিনি। এছাড়া বেসরকারি বিনিয়োগ বাড়াতে অগ্রাধিকারমূলক পাঁচ বছরের জন্য ওপেন অ্যাকসেস ট্যারিফ শূন্য দশমিক ৫০ নির্ধারণ করা উচিত বলে মত প্রকাশ করেন তারা।

বিতরণ কোম্পানির (ডিআইএসকম) গায়ের জ্বালা বা অব্যবস্থাপনার কারণে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র প্রস্তুত থাকা সত্ত্বেও সরবরাহ ব্যাহত হলে ‘ডিমড জেনারেশন’ বা ধার্যকৃত উৎপাদনের বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা জানায়, বিতরণ ব্যবস্থার ত্রুটির দায় উদ্যোক্তার কাঁধে চাপানো ঠিক নয় এবং গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...