জাহাজ সংকটে এক্সিলারেটে গ্যাস সরবরাহ বন্ধ, স্বাভাবিক সামিট
মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। এলএনজি কার্গো বা জাহাজের অভাবে গত বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টা থেকে এই সরবরাহ বন্ধ করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৩ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় ৫ দিন এই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এক কর্মকর্তা জানান, প্ল্যান্টে আমদানিকৃত এলএনজি কার্গো না থাকায় সরবরাহ স্থগিত করতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ২৩ আগস্ট একটি নতুন কার্গো এসে পৌঁছলে টার্মিনালে যুক্ত হওয়ার পর আবার গ্যাস সরবরাহ শুরু করা যাবে।
এদিকে, এক্সিলারেট বন্ধ থাকলেও সামিট গ্রুপের এফএসআরইউ থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। আরপিজিসিএলের উপ-মহাব্যবস্থাপক (এলএনজি) কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, সামিটের টার্মিনালটি সম্পূর্ণ সক্রিয় রয়েছে। বুধবার রাত ৯টা পর্যন্ত ওই টার্মিনাল থেকে ৫৫৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
এর আগে গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির এই টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মেরামত করে ৫ আগস্ট আংশিক উৎপাদন শুরু হলেও বৈরী আবহাওয়া ও জাহাজ সংকটের কারণে বারবার সরবরাহ ব্যাহত হচ্ছে।

