চাঁদা না দিলে ককটেলের ভয়! চট্টগ্রামে ব্যবসায়ীর ভবনে হামলা

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৪:৫৬ এএম
চাঁদা না দিলে ককটেলের ভয়! চট্টগ্রামে ব্যবসায়ীর ভবনে হামলা

চাঁদার দাবি পূরণ না হওয়ায় চট্টগ্রামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে সশস্ত্র হামলাকারীরা তাণ্ডব চালিয়েছে। ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি টেম্পোযোগে এসে ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের ভবনে ঢুকে পড়ে। কাজরত শ্রমিকদের ধাওয়া করে তারা দরজা-জানালা ভেঙে দেয়। এ সময় নির্মাণশ্রমিক হাসান সাকিকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। চলে যাওয়ার আগে হামলাকারীরা তিনটি ককটেল ফাটিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, প্রায় এক মাস ধরে বিদেশি নম্বর থেকে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। শহরে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার পর কিছুদিন চাঁদাবাজরা নীরব থাকলেও সর্বশেষ এক সপ্তাহ ধরে আবার চাপ বাড়াচ্ছিল। আজকের ঘটনার পর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, সিসিটিভি ফুটেজে হামলার স্পষ্ট দৃশ্য ধরা পড়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...