কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রাইম বার্তা অনলাইন
১৩ অক্টোবর ২০২৬ ৫:৪০ পিএম
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আদালত ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে আসামিদের উপস্থিতিতে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা এই রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের মোজাম্মেলের ছেলে মোজাম্মেল হোসেন (৭৩), সামেদ আলীর ছেলে আইন উদ্দিন (৬৮) ও আকতার হোসেন (৪৩), আমেন উদ্দিনের ছেলে সাবু (৪১), আফসার শেখের ছেলে সোহাগ (৩৮), আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪৩), মজিবর রহমানের ছেলে বিপুল (৩৪), ছবের উদ্দিনের ছেলে বদর উদ্দিন (৬৮), আসাদুলের ছেলে আফসার শেখ (৬৫), জামির শেখের ছেলে সুমিন (৩৮), আফসার শেখের ছেলে সেলিম (৪১) এবং আমেন উদ্দিন শেখের ছেলে আবু (৩৭)।

তবে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া আমির হোসেনের ছেলে জুলু (৩৮) ও রাহুল (৩৪) নামের দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মামলার তথ্য বলছে, নিহত সাহেব আলীর ছোট ভাই আহম্মদ আলী ওরফে আকম আলী হত্যাকাণ্ডের পর কুমারখালী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ওই থানার পুলিশ পরিদর্শক কাজী কামাল হোসেন ২১ জনকে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রমের অবসান ঘটিয়ে মঙ্গলবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে এতে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...