৪৭ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১১৬ প্রতিষ্ঠানে জরিমানা ১১ লাখ টাকা

প্রাইম বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৬ ৯:৩৭ পিএম
৪৭ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১১৬ প্রতিষ্ঠানে জরিমানা ১১ লাখ টাকা

গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪৭ জেলায় একযোগে কাজ করেছে অধিদপ্তরের ৫৭টি দল। ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তদারকিতে মূলত যাচাই করা হয়েছে গ্যাস সিলিন্ডার সরকার ঘোষিত দামে বিক্রি হচ্ছে কি না এবং ভোজ্যতেলের বাজারদর কোন অবস্থায় রয়েছে তা। এ ছাড়া দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা রাখা, ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে প্রদান, আর নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় হচ্ছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হয়। এ অভিযানে রাজধানীর মতিঝিলের হীরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

দেশব্যাপী এ অভিযানের মধ্যে পাবনায় ভেজাল দুধ উৎপাদনের চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে। গোপন খবরের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে ভাঙ্গুড়া উপজেলার কইডাঙ্গা এলাকায় আবুল বাসারের বাড়িতে হানা দেয় ভোক্তা অধিদপ্তরের দল। সেখানে দুধের সঙ্গে পামওয়েল, ডিটারজেন্ট ও জেলিজাতীয় পদার্থ মিশিয়ে ভেজাল দুধ তৈরির প্রমাণ মেলে। এ সময় দুই জারিকেন জেলিজাতীয় পদার্থ, এক জারিকেন পামওয়েল, প্রস্তুত ভেজাল দুধ ও একটি ব্লেন্ডার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভেজাল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও সরবরাহে বাধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ভোক্তাদের প্রতি অধিদপ্তরের পরামর্শ—সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ ও কোনো দৃশ্যমান ত্রুটি আছে কি না পরীক্ষা করা, মূল্যতালিকা মিলিয়ে নেওয়া এবং কেনাকাটায় রসিদ বা ভাউচার সংগ্রহ করা। অতিরিক্ত মূল্য আদায় বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা ও নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখতে এমন তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...