ভুয়া পুলিশ সেজে ডাকাতি-ছিনতাই, মাদারীপুরে তিন সদস্য গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৬ ৪:০০ পিএম
ভুয়া পুলিশ সেজে ডাকাতি-ছিনতাই, মাদারীপুরে তিন সদস্য গ্রেফতার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নকল পরিচয়ে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই চালানোর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ঢাকার সাভার এলাকায় সংঘটিত ডাকাতির সূত্রে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই চক্রের তিন সদস্যকে আটক করেছে। অভিযানে তাদের কাছ থেকে পুলিশের নীল টি-শার্ট, দেশীয় অস্ত্র, মোটরসাইকেলসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর উপজেলাধীন টেকেরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই তিনজনকে ধরা হয়। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ধৃতরা হলেন — কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনির খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকাসহ দেশের নানা এলাকায় সেনা-পুলিশের সদস্য সাজিয়ে অপরাধ করে আসছিল। এছাড়া উজ্জল সরদারের নামে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের নামে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ১টি নীল রঙের পুলিশের টি-শার্ট, ১টি লোহার হাসুয়া, ২টি লোহার ছুরি, ২টি বাটন, ৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ নামের একটি নেমপ্লেট, ৩টি মানিব্যাগ ও ২টি হাতঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামিদের ৭ দিনের রিমান্ডের অনুরোধসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...