বিশ্বব্যাংকের জনস্বাস্থ্য প্রকল্প দ্রুত এগিয়ে নিতে প্রতিমন্ত্রীর আহ্বান
বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান নগর জনস্বাস্থ্য প্রকল্পটি দ্রুতগতিতে বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক প্রতিনিধিদলের কাছে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৭ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এই আহ্বান জানান।
‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ নামের প্রকল্পটির অগ্রগতি নিয়ে বৈঠকে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ক্রিস্টোফ লেমিয়ের। এ সময় স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের পরামর্শকদের সঙ্গে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও উঠে আসে।
প্রকল্পের আওতায় মশক ও বাহকবাহিত রোগ দমন, হাসপাতালবহির্ভূত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জলবায়ু পরিবর্তনজনিত জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় কার্যক্রম চলছে। পাশাপাশি আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও অসংক্রামক রোগ হ্রাসে সুবিধা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা।
প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি নতুন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নেওয়ার অনুরোধও করেন তিনি। বৈঠকে পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

