ক্রিপ্টোতে বদলে বিদেশে জুয়ার টাকা, পাবনায় চক্রের তিন সদস্য গ্রেপ্তার
অনলাইন জুয়ার অর্থ এমএফএস ও ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে একটি সংগঠিত চক্রের বিরুদ্ধে। এমন অভিযোগে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটককৃতরা হলেন মো. মনোয়ার হোসেন (৪১), মো. মারুফ হোসেন হলি (২৭) ও মো. ইলিয়াস হোসেন রাজু (২৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক মোবাইল ফোন ও সিমকার্ড।
সিআইডি জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পাবনার আতাইকুলা থানার বনগ্রাম বাজার এলাকা থেকে রাজুকে আটক করা হয়। একই রাতে ১১টা ৩৫ মিনিটে সাঁথিয়া থানার কাশিনাথপুর বাজার এলাকা থেকে ধরা পড়েন মনোয়ার ও মারুফ। বুধবার (৭ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত-সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাকে ঘিরে নানা ওয়েবসাইটে বেটিং পরিচালিত হতো। সেসব সাইটে অংশ নিতে ব্যবহারকারীদের প্রথমে টাকা জমা বা টপ-আপ করতে হতো, যার জন্য দেশি এমএফএস, ব্যাংক হিসাব কিংবা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নির্দেশনা দেওয়া হতো। চক্রটি ঘন ঘন এজেন্ট নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট বদলে ফেলত এবং দেশের বিভিন্ন এলাকায় নিয়োগ দেওয়া এজেন্টদের কাছ থেকে একাধিক হিসাবের তথ্য সংগ্রহ করে টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে পৌঁছে দিত।
পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ এজেন্টরা একত্র করে কিছুটা কমিশন রেখে বাকি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করতেন। পরে ওই অর্থ ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাঠানো হতো বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। এ ঘটনায় গত ১৯ মে সাইবার সুরক্ষা আইনে পল্টন থানায় মামলা করে সিআইডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন অনলাইন বেটিং চক্রে সম্পৃক্ততা ও জুয়ার টাকা সংগ্রহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। চক্রের অন্য সদস্য, পাচারিত অর্থের পরিমাণ, পাচারের পদ্ধতি এবং বিদেশে টাকা পাঠানোর নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। এদিকে জনগণের প্রতি অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই কর্মকর্তা বলেন, এসব অবৈধ কার্যক্রমের খবর দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

