শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি ২০২৬

প্রাইম বার্তা অনলাইন
০২ অক্টোবর ২০২৬ ৩:০৪ পিএম
শনিবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বিওবিসি ২০২৬

আগামী শনিবার (৩ অক্টোবর) থেকে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনের এ সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। প্রায় শতাধিক দেশ থেকে আসা দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী এ আয়োজনে মিলিত হবেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবার পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে সম্মেলনটি। আয়োজকদের দাবি, বেসরকারি পর্যায়ে আয়োজিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতিমধ্যে আঞ্চলিক কূটনীতির এক তাৎপর্যপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

জিল্লুর রহমান বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এবারের আলোচনায় ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতা বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান তিনি। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, সময়ের বিবর্তনে বিওবিসির পরিসর ক্রমেই বেড়েছে। কঠিন ও সংবেদনশীল বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সিজিএসের পরিচালক সুবীর দাস ও গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, সম্মেলনের সম্পূর্ণ আলোচ্যসূচি, সময়সূচি ও আলোচকদের তালিকা পাওয়া যাবে বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...