হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা

প্রাইম বার্তা অনলাইন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে চাপ সৃষ্টি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন তারা। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে আবার উপাচার্যের দায়িত্বে ফিরিয়ে আনার দাবিও পুনর্ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে এই মিছিলটি শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে চত্বরে সমবেত হতে থাকেন। পরে মিছিলটি আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে সমাপ্ত হয়। এ সময় প্রাঙ্গণজুড়ে ওঠে প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান, মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই-সহ নানা স্লোগান।

বিক্ষোভ মিছিলে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, অনেকেই ধারণা করছেন যে এই আন্দোলনে শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসছে। মধ্যরাতের এই মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণই তাদের এই ভুল ধারণার জবাব দিয়েছে।

একই বর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব অভিযোগ করেন, চলমান আন্দোলনের বিরুদ্ধে কতিপয় মহল হুমকি ও ভয়ভীতির পথ বেছে নিয়েছে। এমনকি পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টাও চলছে বলে তিনি জানান। তিনি বলেন, হুমকি দিয়ে এই আন্দোলন দমানোর কোনো সুযোগ নেই। আমাদের গণতান্ত্রিক দাবি একটিই—কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।

উল্লেখ্য, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে আসছেন চুয়েটের শিক্ষার্থীরা। সায়েমের পুনর্বহালসহ নানা দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচির ঘোষণাও দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...