ইসির তফসিল বদলাতে পারে সরকার, স্থানীয় নির্বাচনে চূড়ান্ত শেষ কথা সরকারেরই

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১:০৩ পিএম
ইসির তফসিল বদলাতে পারে সরকার, স্থানীয় নির্বাচনে চূড়ান্ত শেষ কথা সরকারেরই

স্থানীয় সরকার নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারেরই হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নির্বাচন কমিশন যে সময়সূচি ঘোষণা করেছে, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তা পরিবর্তন করা, পেছনে ঠেলে দেওয়া কিংবা সামনে এনে দেওয়ার সুযোগ বিদ্যমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের নানা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অবহিত করেছেন, এই নির্বাচন ঘিরে সরকারের কোনো নির্ধারিত সময়সীমা বা সিদ্ধান্ত নেই। কমিশন নিজে থেকেই একটি তারিখ ঘোষণা করেছে। সরকারের অবস্থান হিসেবে প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকেই গ্রহণ করা হবে।

সাংবিধানিক কাঠামো ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের সরাসরি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে বাকি নির্বাচনগুলো আয়োজনের সময় আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করতে হয় কমিশনকে। স্থানীয় সরকার নির্বাচনও এই কাঠামোর আওতাভুক্ত।

ইসির ঘোষিত তফসিল নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো অমিল তৈরি হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা গ্যাপ হিসেবে দেখার কোনো ভিত্তি নেই। সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঘোষিত তারিখ বদলে যেতে পারে। তবে সংসদ নির্বাচনের ক্ষেত্রে চিত্র ভিন্ন— সংসদের মেয়াদ শেষ হলে সংবিধান অনুযায়ী কমিশন নিজস্ব এখতিয়ারেই ভোট আয়োজন করবে। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে অবশ্য সরকারের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ বলে তিনি পুনরায় জোর দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...