বোয়ালখালীতে ভোররাতের ডাকাতি: জিম্মি করে লুটল সোনা, নগদ ও অটোরিকশা

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:৩১ পিএম
বোয়ালখালীতে ভোররাতের ডাকাতি: জিম্মি করে লুটল সোনা, নগদ ও অটোরিকশা

চট্টগ্রামের বোয়ালখালীতে ধারালো অস্ত্রের মুখে একই ভবনের তিনটি পরিবারকে জিম্মি করে ব্যাপক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে বোয়ালখালী থানার কডলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের বাড়িতে এ অভিযান চালানো হয়। ভবনটিতে একাধিক পরিবার ভাড়ায় থাকেন। সশস্ত্র একটি দল স্বর্ণালংকার, নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চলে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ।

ভুক্তভোগীদের একজন, সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ জানান, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি দল অস্ত্র দেখিয়ে তাদের জিম্মিতে নেয়। এ সময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে প্রথমে মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে দুই ভরি সোনার চেইন, দুই জোড়া সোনার কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রুপার নূপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪১ হাজার টাকা নগদ নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

আরেক ভুক্তভোগী, অটোরিকশাচালক নুরুল আবছার রুবেল জানান, ডাকাত দল প্রথমে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দরজা খুলে ফেলে। এরপর তার গলায় ছুরি ঠেকিয়ে হাত বাঁধে এবং পরিবারের সবাইকে একটি কক্ষে বন্দি করে রাখে। ঘর তছনছ করে ২৫ হাজার টাকা এবং তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে যায় বলে তিনি জানান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাটার দিয়ে গ্রিল কেটে একটি শিশুকে ভবনের ভেতরে ঢুকিয়ে দরজা খোলার মাধ্যমে ডাকাতিটি ঘটানো হয়েছে। তিনি জানান, পুরো ঘটনা তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের কাজ চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...