সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজ শিল্পের সম্ভাবনা রয়েছে: চিফ হুইপ মনি

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:১০ পিএম
সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজ শিল্পের সম্ভাবনা রয়েছে: চিফ হুইপ মনি

সিঙ্গাপুর যেভাবে জাহাজ নির্মাণ খাতকে ঘিরে বিশ্বের অন্যতম ধনী অর্থনীতিতে উঠে দাঁড়িয়েছে, ঠিক সেভাবেই বরিশাল অঞ্চলেও এই শিল্প গড়ে তোলার দরকার বলে মনে করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ), ঢাকার আয়োজনে ‘আগামীর বরিশাল: সম্ভাবনা ও করণীয়’ শিরোনামে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

চিফ হুইপ বলেন, সমুদ্র, নদী, মৎস্য, গ্যাস ও খনিজসম্পদে ভরপুর বরিশাল যেন ডায়মন্ড খনির ওপর দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও এখানকার সম্ভাবনা অফুরান বলে তার মত। এই অঞ্চলে পর্যাপ্ত শিল্প বা অর্থনৈতিক অঞ্চল গড়ে না ওঠলেও সঠিক পদক্ষেপ নিতে পারলে জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা ও মেরামত শিল্প স্থাপন করা যাবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। পাশাপাশি এখানে গভীর সমুদ্রবন্দর নির্মাণেরও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

নূরুল ইসলাম মনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দীর্ঘমেয়াদি রূপকল্প প্রয়োজন। টুকরো টুকরো প্রকল্পের বদলে যোগাযোগব্যবস্থা, শিল্প, বন্দর, পর্যটন, মৎস্য ও কৃষিনির্ভর অর্থনীতিকে সমন্বিতভাবে সামনে নিয়ে যেতে হবে। এভাবে বরিশালকে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা সম্ভব বলে তিনি আশা করেন।

সেমিনারের প্রধান আলোচক তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে কেবল অবকাঠামো নয়, দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিও জরুরি। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে রাজনীতিবিদদের মর্যাদা এতটাই হ্রাস পেয়েছে যে ভালো মানুষ রাজনীতিতে আসতে চাইছেন না; রাজনীতিবিদদের সন্তানরাও এ পথে আসায় আগ্রহী হচ্ছেন না। জনকল্যাণমুখী রাজনীতির জন্য এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো দক্ষ নেতৃত্ব তৈরি করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সেমিনারে বরিশালের সম্ভাবনা বাস্তবায়নে শিল্পায়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, পর্যটন খাতের বিকাশ, নদী ও সমুদ্রসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্দর উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...