সময়সূচি বদলে শনিবার উদ্বোধন হচ্ছে বায়তুল মোকাররম ইসলামি বইমেলার

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৬:৩৪ পিএম
সময়সূচি বদলে শনিবার উদ্বোধন হচ্ছে বায়তুল মোকাররম ইসলামি বইমেলার

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন এসেছে। পূর্বে শুক্রবার সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও এখন তা আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বর জুড়ে বসছে এ মেলা, যেখানে দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামি সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইয়ের বিস্তৃত সংগ্রহ থাকবে। দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ের সমাহার ঘটবে এ আয়োজনে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলা সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস এবং নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...