কাপড়ের রোলে লুকিয়ে আনা ৫ কোটি টাকার ১৬৫৫ মোবাইল আটক শাহজালালে

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯ এএম
কাপড়ের রোলে লুকিয়ে আনা ৫ কোটি টাকার ১৬৫৫ মোবাইল আটক শাহজালালে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট অংশে কাপড়ের রোল হিসেবে ঘোষিত একটি চালান খুলে ভেতর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিদেশ থেকে পাঠানো চালানটির ভেতরে এত বিপুলসংখ্যক হ্যান্ডসেট থাকার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানায়, আটক চালানটির আমদানিকারক প্রতিষ্ঠানের নাম থিনিয়াস এপিরিয়ালস লিমিটেড। প্রাথমিক গণনায় উদ্ধার করা ফোনগুলোর মধ্যে রয়েছে ৪৫০টি রেডমি ১৪ সি, ১৫০টি রেডমি ১৫ সি এবং পুরোনো আইফোনসহ নানা চীনা ব্র্যান্ডের এক হাজার ৫৫টি ফোন।

এয়ার কার্গো সিস্টেমের নথি অনুসারে, চালানটি হংকং থেকে পাঠানো হয় এবং গত ৩১ আগস্ট এটি ঢাকায় পৌঁছায়। কাস্টমসের শুরুর দিকের পরীক্ষাতেই ঘোষিত পণ্য ও প্রকৃত পণ্যের মধ্যে বিরাট ফারাক ধরা পড়ে। কার্গো রেকর্ডে পণ্যের ধরন হিসেবে লেখা ছিল ‘নিট ফেব্রিকস’ এবং অন্য একটি নোটে ‘পি কভার জি রোল সিআরটি’, কিন্তু চালানের ভেতরে মিলেছে হাজার হাজার মোবাইল সেট।

এনবিআর জানিয়েছে, মিথ্যা ঘোষণা, পণ্য গোপন এবং প্রযোজ্য শুল্ক-কর ফাঁকির অভিযোগে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ফোনগুলোর সুনির্দিষ্ট মডেল, আইএমইআই নম্বর এবং সেগুলো নতুন নাকি ব্যবহৃত তা যাচাইয়ের পর প্রকৃত বাজারমূল্য ও সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...