লুটে যাওয়া অস্ত্রের খবর দিলেই নগদ পুরস্কার, সর্বোচ্চ দুই লাখ টাকা
দেশের বিভিন্ন থানা থেকে লুটে যাওয়া সরকারি অস্ত্র ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিয়েছে র্যাব। সারাদেশে হারানো সব সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্রের খোঁজ জানালে পুরোপুরি গোপনীয়তার সঙ্গে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা এসেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অভিযানে প্রধান সমন্বয়কারী সংস্থার দায়িত্ব পালন করবে র্যাব। হারানো সরকারি অস্ত্রের সঠিক তথ্য ও সংবাদ জানাতে সবার কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।
তথ্যদাতারা র্যাবের হটলাইন নম্বর ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করতে পারবেন। এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও খবর পাঠানো যাবে। পুরস্কার পাওয়া যাবে সম্পূর্ণ গোপনে ও নিরাপদ পরিবেশে।
এর আগে গত শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের সহায়তায় ইউনিটটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি জানান, হেভি ওয়েপনসের তথ্য দিলে সর্বোচ্চ দুই লাখ টাকা, আর পিস্তল, রিভলভার ও শটগানসহ এ ধরনের অস্ত্রের খবর দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার মিলবে। এছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ারগ্যাস সেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারে সহযোগিতার জন্য ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

