মশার লার্ভা ৬০ শতাংশ বাসায়: নগরবাসীর অংশগ্রহণ চাইলেন ডিএসসিসি প্রশাসক

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৬ পিএম
মশার লার্ভা ৬০ শতাংশ বাসায়: নগরবাসীর অংশগ্রহণ চাইলেন ডিএসসিসি প্রশাসক

মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও সক্রিয়, কার্যকর ও পরিকল্পিতভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তার মতে, প্রশাসনের একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়, বরং সচেতনতা তৈরির মাধ্যমে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এ অভিযানে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার বিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় নগরের বিভিন্ন এলাকায় মশার বংশবিস্তারের স্থান শনাক্ত ও ধ্বংস, মাঠপর্যায়ের কাজের নিবিড় নজরদারি এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে আন্তঃসমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, শুধু কীটনাশক ছিটিয়ে মশা নিয়ন্ত্রণের আশা করা ভুল। এর সঙ্গে প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, ডিএসসিসির সাম্প্রতিক এক জরিপে সিটির প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা গুরুতর উদ্বেগের। তাই নাগরিকদের সচেতন করে এ অভিযানে এগিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি।

বৃষ্টির পর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি। মশামুক্ত ও সুস্থ নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন প্রশাসক। এ ছাড়া নিয়মিত লার্ভিসাইডিং, ফগিং ও পরিচ্ছন্নতা অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...