বন্যায় অচল নেপালের জলবিদ্যুৎ, ১২ দিন ধরে বন্ধ বাংলাদেশে সরবরাহ
ভয়াবহ বন্যায় নিজেদের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো পুরোপুরি থামিয়ে দিয়েছে নেপাল। দেশটি থেকে প্রতিদিন যে পরিমাণ বিদ্যুৎ আসত, টানা ১২ দিন ধরে তা বন্ধ রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এই পরিস্থিতির নিশ্চিত হওয়া গেছে।
সরবরাহের শেষ চিত্রটি ২৭ আগস্টের। ওই দিন দিনের পিক আওয়ারে নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল। তবে সন্ধ্যার পিক আওয়ারে একক ইউনিটও আসেনি। এরপর থেকে সরবরাহ স্থগিত রয়েছে।
নেপালের দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ আগস্ট ভোটেকোশি নদী অববাহিকায় আঘাত হানা মারাত্মক বন্যায় দেশটির জলবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়। ফলে ভারতের সঞ্চালন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে নেপালের রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ে। উল্লেখ্য, এই পথে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু হয়েছিল মাত্র কয়েক দিন আগে।
বর্ষা মৌসুমে নেপাল সাধারণত গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করত, যা এখন নেমে এসেছে প্রায় ৬৫০ মেগাওয়াটে। দীর্ঘদিন ধরে, বিশেষ করে শুষ্ক শীতের সময়ে, বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল দেশটি নিজেকে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করছিল। তবে এই দুর্যোগ দেশটির রপ্তানি সক্ষমতায় বড় ধাক্কা দিয়েছে।

