সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৯, সবাই মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ২:২২ পিএম
সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৯, সবাই মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক আলতাফ হোসেনকে (৫৮) কুপিয়ে হত্যার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও থানা পুলিশ। র‍্যাব জানিয়েছে, হামলাকারীরা মাদকাসক্ত ছিল এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত। জানা গেছে, আলাদা একটি ঘটনায় অটোরিকশার গ্যারেজ মালিক এক বৃদ্ধকে মারধর করা হলে সাদা পোশাকে সেখানে এগিয়ে আসেন ওই পুলিশ সদস্য। তখনই হামলাকারীদের কোপে তিনি নাকাল হয়ে যান এবং পরে মারা যান।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। গ্রেপ্তাররা হলেন আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। একই রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৪ আরও চারজনকে আটক করে। তারা হলেন নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০)। এছাড়া ৭ সেপ্টেম্বর ভোরে আমিনবাজার এলাকায় অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি প্রাইভেটকার চালক জহিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, একটি টিম রাজধানীর সদরঘাট থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অনুসরণ করে এবং মুন্সিগঞ্জের লঞ্চঘাটে তাদের অবস্থান শনাক্ত করে। তাঁর ভাষায়, লঞ্চ থেকেই প্রথমে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়, এরপর প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে বাকি দুজনসহ মোট চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

এই হত্যাকাণ্ডে জড়িত অন্য কেউ থাকলে তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের জবানবন্দির ভিত্তিতে পুরো ঘটনা উদ্ঘাটনের পাশাপাশি হত্যা মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...